ভারতের আগরতলায় আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর খবরে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আগরতলার একজন মোবাইল ফোন ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ গড়ে ওঠে।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত তরুণীকে আগরতলায় আসার জন্য প্রলুব্ধ করেন এবং তাকে একটি দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। শনিবার সকালে ওষুধ কেনার কথা বলে ট্রেনে করে আগরতলায় পৌঁছান ওই তরুণী। পরে বধারঘাট রেলস্টেশন থেকে অভিযুক্ত তাকে মোটরসাইকেলে করে একটি হোটেলে নিয়ে যান।
সেখানে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ঘটনার পর তার মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় এবং তাকে ভয়ভীতি দেখানো হয়।
পরে কোনোভাবে সেখান থেকে বের হয়ে থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযান চালিয়ে আগরতলার একটি মোবাইল ফোনের দোকান থেকে অভিযুক্তকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরটিভি/এসকে



