উড্ডয়নের প্রস্তুতির সময় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক যাত্রীর স্মার্টফোনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফ্লাইটটি জাপানের রাজধানী টোকিও থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল এবং এই ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূলত উড্ডয়নের আগমুহূর্তে কেবিনে ধোঁয়া দেখা দিলে বিমানটি রানওয়ের পথে যাত্রা থামিয়ে আবার পার্কিং স্ট্যান্ডে ফিরিয়ে নেওয়া হয়। পরে ক্রু সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গত ১৮ জুন হানেদা বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পিপল ম্যাগাজিন। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানটি রানওয়ের দিকে এগোতে শুরু করলে কেবিনের ভেতর থেকে ধোঁয়া দেখা যায়।
জাপানের পরিবহন মন্ত্রণালয় ও টোকিও ফায়ার ডিপার্টমেন্টের তথ্যের ভিত্তিতে এ খবর প্রকাশ করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, ধোঁয়ার উৎস ছিল এক যাত্রীর লাগেজে থাকা একটি স্মার্টফোন। ফোনটিতে আগুন ধরে গেলে কেবিনের ভেতরে ধোঁয়ায় ভরে যায়।
জাপান টুডের প্রতিবেদনে বলা হয়, কেবিনে ধোঁয়া দেখতে পেয়ে একজন ক্রু সদস্য কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নিয়ে বিমানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে পরিস্থিতি বড় ধরনের বিপর্যয়ে রূপ নেয়নি।
ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে পার্কিং স্ট্যান্ডে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এরপর দমকলকর্মী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা বিমানে উঠে কেবিন পরীক্ষা করেন। পরে পরিস্থিতিকে নিরাপদ ঘোষণা করা হয়।
জাপানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই ফ্লাইটে যাত্রী ও ক্রুসহ মোট ২১১ জন ছিলেন। এই ঘটনায় কেউ আহত হননি। পরে নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়া হয় এবং প্রায় এক ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে যাত্রা করে।
এদিকে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্লাইটটি নিরাপদভাবেই পরিচালিত হয়েছে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে বিমান ত্যাগ করেছেন।’
প্রতিবেদন অনুযায়ী, একই সপ্তাহে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটে মোবাইল ফোনে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা।
এর কয়েকদিন আগে লন্ডন থেকে লাস ভেগাসগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আকাশে উড্ডয়নের সময় একটি মোবাইল ফোনে আগুন লেগে যায়। এতে কেবিনের ভেতরের অংশ পুড়ে যায় এবং অবতরণের আগে ক্রুরা সহায়তা চাইতেও বাধ্য হয়েছিলেন বলে জানা গেছে।
আরটিভি/এসএস



