বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর আম্বনে এক বিশাল আনন্দ মিছিল বের করেছিলেন ব্রাজিলের সমর্থকেরা। তবে সেই মিছিলের মধ্যে মোটরসাইকেল আরোহী দুই কিশোরের হাতে ছিল দখলদার ইসরায়েলের পতাকা। এটি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন আশপাশের সাধারণ মানুষ। মিছিলে ইসরায়েলের পতাকা ওড়ানোর দায়ে ঘটনাস্থলেই ওই দুজনকে ব্যাপক মারধর করেছে উপস্থিত জনতা।
সোমবার (২৯ জুন) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ওই দিন রাতে বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটি শুরু হওয়ার আগে ইন্দোনেশিয়ায় ব্রাজিলের সমর্থকেরা এই বিশাল মিছিল বের করেন।
ব্রাজিলের সমর্থকদের ফুটবল উন্মাদনার ওই মিছিলে ওই দুই কিশোর ঠিক কী কারণে ইসরায়েলের পতাকা নিয়ে এসেছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া দেশটির পুলিশ বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
অনলাইনে প্রকাশিত ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, মিছিলে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি প্রথমে ওই দুই কিশোরকে থামান। এরপর তিনি দ্রুত তাদের হাত থেকে ইসরায়েলের পতাকাটি টান দিয়ে কেড়ে নেন এবং পতাকার লাঠিটি ভেঙে ফেলেন। এর কিছুক্ষণের মধ্যেই আশপাশ থেকে আরও কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি এসে তাদের ওপর চড়াও হন এবং মারধর করা শুরু করেন। বিশেষ করে যার হাতে ইসরায়েলের পতাকাটি ছিল, তাকে ব্যাপক মারধর করা হয়।
বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া দীর্ঘ দিন ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আসছে। দেশটির সাধারণ মানুষ সব সময় ফিলিস্তিনিদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে থাকেন। অন্য দিকে ফিলিস্তিনে আগ্রাসনের কারণে ইসরায়েলের প্রতি দেশটির জনগণের তীব্র ক্ষোভ রয়েছে। এর মাঝেই ব্রাজিলের ফুটবল মিছিলে ইসরায়েলি পতাকা দেখে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে।
আরটিভি/এআর



