তৃতীয় দফায় ইরানে রাতভর হামলা চালালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১২ জুলাই ২০২৬ , ১০:১২ এএম


তৃতীয় দফায় ইরানে রাতভর হামলা চালালো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইরানে আবারও রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে একটি কনটেইনার জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হামলার পর মার্কিন বাহিনী এই পাল্টা অভিযান চালায়। 

রোববার (১২ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, তেহরানের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা রয়েছে।

এদিকে ইরান জানিয়েছে, অননুমোদিত পথে চলাচলকারী একটি জাহাজের উদ্দেশে সতর্কতামূলক গুলি ছোড়ার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে মার্কিন হামলার ‘কঠোর জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার শিকার জাহাজটি সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সি। ইরানি হামলায় জাহাজটির ইঞ্জিনরুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন বেসামরিক নাবিক নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

আইআরজিসি জানিয়েছে, এই অঞ্চলে মার্কিন সামরিক হস্তক্ষেপ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। অন্যদিকে ইরান বলেছে, বেশ কয়েকটি জাহাজ একটি ‘অননুমোদিত পথে’ নৌপথ অতিক্রমের চেষ্টা করেছিল। তাদের গতিপথ পরিবর্তনের জন্য বার্তা দেওয়া হলেও তারা তা পুরোপুরি উপেক্ষা করে।

যুক্তরাষ্ট্র ও ইরানের এই নতুন সংঘাত উপসাগরীয় অঞ্চলকে চরম অস্থিতিশীল করে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে ইরানের কার্যকর অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ তীব্র হচ্ছে। আগামী নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে এই পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বেশ সংবেদনশীল হয়ে উঠেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসির বিবৃতির প্রায় এক ঘণ্টা পর, শনিবার(১১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে তারা ইরানে হামলা শুরু করে। ইরান তাদের বিবৃতিতে বলেছিল, কনটেইনার জাহাজে হামলার জেরে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে ‘শত্রুদের নতুন ঘাঁটি’ লক্ষ্যবস্তু করা হবে। সেন্টকম নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সরাসরি নির্দেশেই এই বিমান হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission