নিজেদের পারিবারিক বিরোধের জেরে নিজের চার বছরের সন্তানকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্প্রতি ভারতের মধ্য প্রদেশের মোরেনায় ঘটেছে এই ঘটনা। টানা তিনদিন খোঁজাখুঁজির পর রাজস্থানের পালি থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম নীলেশ রাজপুত। পুলিশ জানায়, নীলেশ ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। বনিবনা না হওয়ায় স্ত্রী তার চার বছরের সন্তান কার্তিকেয়কে নিয়ে মোরেনায় বাবার বাড়িতে থাকছিলেন।
স্ত্রীর বিরুদ্ধে নীলেশের অভিযোগ ছিল, তিনি সন্তানকে বাবার সঙ্গে দেখা করতে দিতেন না। নিজের সন্তানের সঙ্গে দেখা করতে না পেরেই শেষ পর্যন্ত তাকে স্কুল থেকে তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন নীলেশ।
মোরেনার পুলিশ সুপার ধর্মরাজ মিনা শনিবার জানান, কার্তিকেয়কে পালি থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। গত ৭২ ঘণ্টার প্রযুক্তিগত তথ্য ও নিবিড় তদন্তের পর আসামির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এই ঘটনায় নীলেশের সঙ্গে আরও দুজন জড়িত ছিলেন। তারা বর্তমানে পলাতক রয়েছেন।
জানা যায়, এটি কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত ছিল না। সন্তানকে তুলে নিয়ে যাওয়ার জন্য নীলেশ ও তার দুই সহযোগী ১২ দিন ধরে মোরেনার একটি লজে অবস্থান করেন। এই সময়ে তারা শিশুর স্কুল এলাকা পর্যবেক্ষণ করেন।
গত ১৪ জুলাই স্কুল ছুটির পর বাইরে অপেক্ষা করছিলেন নীলেশ। শিশুটি বের হতেই এক সহযোগীর স্কুটারে করে তাকে নিয়ে পালিয়ে যান। পরে চম্বল নদীর সেতুর কাছে স্কুটারটি ফেলে রেখে অন্য একটি গাড়িতে করে রাজস্থানে পালিয়ে যান তারা। পুলিশ জানায়, অপরাধে ব্যবহৃত স্কুটারটি ওই লজের মালিকের ছিল।
পুরো ঘটনাটি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি শিশুটিকে নিয়ে যাচ্ছেন। প্রথমে শিশুটির মা ফুটেজের ওই ব্যক্তিকে নিজের স্বামী বলে স্বীকার করতে চাননি। তবে পরে তিনি পুলিশকে সহযোগিতা করেন। লজের মালিকও সিসিটিভি ফুটেজ দেখে নীলেশকে শনাক্ত করেন।
আরটিভি/ এসকেডি



