ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ০২:২৯ পিএম


ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ যাত্রীর মৃত্যু হয়েছে। তবে, এ ঘটনায় প্রাণে বেঁচে গেছেন পাইলট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৮ মে) সকাল সোয়া ৯টার দিকে রাজ্যের উত্তরকাশী জেলার গঙ্গনানি এলাকায় ঘটে এ ঘটনা। খবর দ্য নিউ ইন্ডিয়ান এক্সেপ্রেসের।  

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এসডিআরএফের তথ্য অনুযায়ী, এদিন সকাল ৮টা ৫০ মিনিটে দেরাদুনের সাহস্রধারা হেলিপ্যাড থেকে পাঁচজন যাত্রী নিয়ে উড্ডয়ন করে অ্যারোট্রান্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড পরিচালিত হেলিকপ্টার (ভিটি-ওএক্সএফ)। এটি চালাচ্ছিলেন পাইলট ক্যাপ্টেন রবিন সিং। হেলিকপ্টারটির খারসালি হেলিপ্যাডে অবতরণের কথা ছিল, যা গঙ্গোত্রী ধামের প্রায় ছয় কিলোমিটার দূরে অবস্থিত। তবে, ঋষিকেশ-গঙ্গোত্রী জাতীয় সড়কের কাছের এলাকায় হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শারদুল সিং জানান, পাইলট রবিন সিংকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে, তিনি গুরুতর আহত হয়েছেন। 

নিহতদের নাম কালা সোনি (৬১), জয়া রেড্ডি (৫৭), রুচি আগরওয়াল (৫৬), রাধা আগরওয়াল (৭৯) ও বেদাবতী কুমারী (৪৮) বলে জানা গেছে। দেরাদুন থেকে একটি তীর্থস্থানে যাচ্ছিলেন তারা। 

বিজ্ঞাপন

এসডিআরএফ কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশী বলেন, উত্তরকাশী পুলিশ ও এসডিআরএফ-এর দল ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলেছে।

ভাটওয়াড়ি থেকে পাঠানো এসডিআরএফ দলের সদস্যরা জানান, হেলিকপ্টারটি একটি গভীর খাদে পড়ে যায়, যার গভীরতা প্রায় ২০০ থেকে ২৫০ মিটার। ঘটনাস্থলে একটি বেস ক্যাম্প স্থাপন করে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, এ হেলিকপ্টার দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এসডিআরএফ ও জেলা প্রশাসনের দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাটি এমন এক দিনে ঘটল, যেদিন আবহাওয়া অধিদপ্তর উত্তরাখণ্ডের জন্য বিশেষ সতর্কতা জারি করেছিল। পূর্বাভাসে দেরাদুন, উত্তরকাশী, চামোলি, রুদ্রপ্রয়াগ, টেহরি, পাউরি, নৈনিতাল ও চম্পাওয়াতসহ বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কার কথা বলা হয়েছিল।

আরটিভি/এসএইচএম/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission