স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা, স্ত্রীকে জরিমানা 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ১২:৩২ এএম


স্বামীর বিরুদ্ধে যৌতুকের মিথ্যা মামলা, স্ত্রীকে জরিমানা 
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সাবেক স্বামীর বিরুদ্ধে যৌতুক দাবির মিথ্যা অভিযোগে মামলা করায় এক নারীকে সাজা দিয়েছেন আদালত। আদালত ওই নারীকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চত করেছেন ধামরাই আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল্লাহ আল মামুন।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড় নালাই গ্রামের বাসিন্দা নাছিমা আক্তার (৪৪) তার প্রাক্তন স্বামী এসএম গোলাম মোস্তফার (৬৭) বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করেন। পরে মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে রায় দেন। রায়ে ওই নারীর সাবেক স্বামীকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার নথি অনুযায়ী, ১৯৯০ সালে নাছিমা আক্তার ও এসএম গোলাম মোস্তফার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে সন্তান জন্ম নেয়। পরে গোলাম মোস্তফা বিদেশ যান। সেখানে থাকা অবস্থায় দেশে স্ত্রীর নামে জমি কেনেন। তিনি দেশে ফিরে আসলেও বাড়িতে তাকে থাকতে দেয়া হয়নি। একপর্যায়ে স্ত্রী স্বামীর বিরুদ্ধে সিআর মামলা করেন, যা আদালত খারিজ করে। এরপর দলিল বাতিল সংক্রান্ত মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্বামী তাকে তালাক দেন। তালাকের পর নাছিমা আক্তার প্রাক্তন স্বামী গোলাম মোস্তফার বিরুদ্ধে যৌতুক দাবির মামলা দায়ের করেছিলেন। 

ধামরাই আমলি আদালতের বেঞ্চ সহকারী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালতের কাছে মামলাটি মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক বলে প্রতিয়মান হওয়ায় আদালত ওই নারীর সাবেক স্বামীকে বেকসুর খালাস দিয়েছেন। এ ছাড়া, বাদীকে শোকজ করে ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ধরণের রায় সমাজে মিথ্যা মামলার বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission