প্লট বরাদ্দে জালিয়াতি, হাসিনা-রেহানা ও টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ

আরটিভি নিউজ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ , ০৮:৩৩ এএম


প্লট বরাদ্দে জালিয়াতি, হাসিনা-রেহানা ও টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে রায় আজ
ফাইল ছবি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহারসহ জালিয়াতির মাধ্যমে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আজ। 

বিজ্ঞাপন

সোমবার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করবেন। গত ২৫ নভেম্বর এ দিন ধার্য করেন একই আদালত।

এ মামলার অন্য আসামিরা হলেন— শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

বিজ্ঞাপন

এর মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন খুরশীদ আলম। বাকিরা পলাতক। ওই দিন দুদকের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর তরিকুল ইসলাম। আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন তিনি। এ ছাড়া খুরশীদ আলমের পক্ষে যুক্তি খণ্ডন করেন আইনজীবী শাহীনুর রহমান। অভিযোগ প্রমাণিত হয়নি জানিয়ে তার খালাস চাওয়া হয়। তবে পলাতকদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। উভয়পক্ষের শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করেন আদালত।

আরও পড়ুন

মামলার সূত্রে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর ২৭ নভেম্বর শেখ হাসিনাকে প্লট বরাদ্দে জালিয়াতির তিন মামলায় ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission