জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বুধবার (৪ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা উদ্যোগ নেব। তাকে আনার জন্য আমরা যথাযথ উদ্যোগ নেব।’
তিনি জানান, শেখ হাসিনা ভারতে আছেন বলে তারা জানেন। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ফেরত আনাটা আইনগত ব্যাপার। নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবেন।
প্রসিকিউশনতো আগে উদ্যোগ নিয়েছে; সেটার অগ্রগতি কত দূর? এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, সেটা আমি এখনো জানি না।
২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তারপর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়। গত বছরের ১৭ নভেম্বর সেই মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
আর এ মামলার ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গুম–খুনসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন আছে।
আরটিভি/এসএইচএম





