সংবাদকর্মী স্বর্ণময়ী বিশ্বাসের (২৮) মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক অভিমান ও দীর্ঘদিনের মানসিক চাপই তার মৃত্যুর মূল কারণ হতে পারে।
গত ১৪ এপ্রিল শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন, যা ১৯ এপ্রিল গ্রহণ করা হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১৮ অক্টোবর রাজধানীর শেরেবাংলা নগরের নাভানা টাওয়ারের একটি বাসা থেকে স্বর্ণময়ী বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগ জানায়, তার মৃত্যু শ্বাসরোধজনিত কারণে হয়েছে। অপরদিকে সিআইডির ডিএনএ পরীক্ষায় কোনো যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়নি।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে কিছু ব্যক্তিগত সামগ্রী ও একটি লেখা পাওয়া যায়, যেখানে পারিবারিক সম্পর্কের টানাপোড়েন ও মানসিক হতাশার কথা উল্লেখ ছিল। পুলিশ জানায়, প্রাথমিক আলামত, ফরেনসিক রিপোর্ট এবং তদন্ত বিশ্লেষণে এটি আত্মহত্যা বলেই নিশ্চিত হওয়া গেছে এবং এতে কোনো অপরাধমূলক সম্পৃক্ততার প্রমাণ মেলেনি।
ঘটনার পর স্বর্ণময়ীর বড় ভাই অপমৃত্যুর মামলা দায়ের করেন। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা গেলেও অভিযুক্ত একজন সাংবাদিক অভিযোগ অস্বীকার করেছেন।
পুলিশ বলছে, সব দিক বিবেচনায় তদন্তে অন্য কোনো পক্ষের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
আরটিভি/এসকে




