হেলমেট পরলে কি চুল পড়ে যায়?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ০৬:৩৭ পিএম


হেলমেট পরলে কি চুল পড়ে যায়?
ছবি: সংগৃহীত

মোটরবাইক চালালে নিজের জীবনরক্ষার্থে হেলমেট পরা খুবই জরুরি। কিন্তু অনেকেই মাথায় হেলমেট পরতে চান না। কারণ, হেলমেট পরলে নাকি মাথার চুল পড়ে যায়। কথাটা একেবারে মিথ্যা নয়। দীর্ঘ সময় মাথায় হেলমেট পরে থাকলে ধীরে ধীরে চুল পড়তে শুরু করে। কারণ, হেলমেট পরলে মাথা গরম হয়ে যায় এবং ঘামতে শুরু করে। 

গরম আর আর্দ্রতা মাথার তালুর সংক্রমণের প্রধান কারণ। আর হেলমেট পরার কারণে দুটি একসঙ্গে ঘটে। এর ফলে চুল পড়তে শুরু করে। কিন্তু তাই বলে হেলমেট পরা ছেড়ে দেবেন? ভুলেও এই কাজ করবেন না। কারণ, চুলের থেকে জীবন অনেক বড়। তবে সঠিক যত্ন নিলে চুল পড়া সমস্যার সমাধান সম্ভব।

হেলমেট পরেও কীভাবে চুল সুস্থ রাখবেন, সে সম্বন্ধে চারটি পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটে।

১. হেলমেট পরার আগে মাথায় পাতলা স্কার্ফ পেঁচিয়ে নিতে পারেন। এতে গরম কম লাগবে। তবে খুব শক্ত করে বাঁধবেন না। এতে রক্ত সঞ্চালনে সমস্যা হতে পারে। আর সপ্তাহে অন্তত দুদিন স্কার্ফটি ধোয়ার চেষ্টা করুন। না হলে ময়লা স্কার্ফের কারণে মাথার তালুতে সংক্রমণ হতে পারে।

২. একজনের হেলমেট আরেকজন ব্যবহার না করাই ভালো। কারণ, সবার ত্বক এক নয়। আর মাথার সংক্রমণ এভাবেই ছড়ায়। স্কার্ফ তো ভুলেও ব্যবহার করবেন না। এবং মাথায় কোনোরকম সংক্রমণ থাকলে সুস্থ না হওয়া পর্যন্ত হেলমেট না পরাই ভালো।

৩. চার টেবিল চামচ আদার রস তুলার বল দিয়ে মাথার তালুতে ভালো করে লাগান। ২০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুরুতে প্রতি সপ্তাহে অন্তত দুবার এই রস মাথায় লাগান। দুই সপ্তাহ পর সপ্তাহে একবার এই রস মাথার তালুতে ব্যবহার করুন। দেখবেন, চুল পড়া অনেকটা কমে যাবে।

৪. এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে দুই টেবিল চামচ অ্যালোভেরার রস মিশিয়ে মাথার তালুতে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। যাঁরা নিয়মিত মাথায় হেলমেট পরেন, তাঁরা সপ্তাহে অন্তত একদিন মাথায় এই প্যাক ব্যবহার করুন।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission