বাংলাদেশসহ ১২ দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা 

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২০ , ০৮:০৭ পিএম


The flag of Malaysia and the Twin Towers
মালয়েশিয়ার পতাকা ও টুইন টাওয়ার

কোভিড-19 মোকাবেলায় এবার অধিক সংক্রমিত দেশগুলোর নাগরিকদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিলো মালয়েশিয়া। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময়ে মালয়েশিয়ার রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (আরএমসিও) বাস্তবায়নের বিষয়ে বিশেষ মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। 

করোনার নিয়মিত ব্রিফিংয়ে সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, দেড় লাখেরও অধিক সংক্রমিত দেশগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর (সোমবার) থেকে কার্যকরভাবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, সৌদি আরব, রাশিয়া এবং বাংলাদেশের পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন থেকে দীর্ঘমেয়াদী পাসধারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে এইসব দেশের নাগরিকদের প্রবেশ করতে দেয়া হবে না।

তিনি বলেন, দেশটিতে যারা স্থায়ী নাগরিক, মালয়েশিয়ার মাই সেকেন্ড হোম পাস হোল্ডার, ভিজিট পাস, ওয়ার্ক পারমিট, স্পাউস অথবা স্বামী-স্ত্রী ভিসাধারী এবং প্রফেশনাল ভিসাধারী সবার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সরকার অন্যান্য দেশের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছে এবং অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও একই ধরনের বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।

ইসমাইল সাবরি ইয়াকুব আরও জানান, আমরা এখন অন্যান্য দেশগুলোর দিকে নজর দিচ্ছি। যেখানে দেড় লাখের বেশি করোনা আক্রান্ত, সেইসব দেশের জন্য নিষেধাজ্ঞা জারি থাকবে। উল্লিখিত যেসব দেশের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেসব দেশে যদি কোন মালয়েশিয়ান নাগরিক থাকে তবে তাদের নির্ধারিত এসওপি প্রয়োগের মাধ্যমে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কারণ এটি সংবিধানের পরিপন্থী হওয়ায় আমরা আমাদের নাগরিকদের ফিরে আসতে বাধা দিতে পারি না। ইমিগ্রেশন আইনও আমাদের নাগরিকদের ফিরে আসতে বাধা দিতে পারে না।

এর আগে বুধবার ভারত, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা দেয়া হয়।  করোনা মোকাবেলায় গেলো মার্চ থেকে এমসিও নামে লকডাউন ঘোষণা করে সরকার যা শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। 

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission