উচ্চবিত্ত পরিবারের সন্তানরা বিক্রি করেন আইস-ইয়াবা, গ্রেপ্তার ১০

আরটিভি নিউজ

শনিবার, ২১ আগস্ট ২০২১ , ১০:১৯ পিএম


উচ্চবিত্ত পরিবারের সন্তানরা বিক্রি করেন আইস-ইয়াবা, গ্রেপ্তার ১০
ছবি: সংগৃহিত।

উচ্চবিত্ত পরিবারের ১০ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাজধানীর বনানী, উত্তরা, বনশ্রী ও খিলগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য মিলেছে।

শনিবার (২১ আগস্ট) তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার তরুণ-তরুণীরা হলেন, রুবাইয়াত (৩২), মো. রোহিত হোসেন (২৭), মাসুম হান্নান (৪৯), মো আমান উল্লাহ (৩০), মোহাইমিনুল ইসলাম ইভান (২৯), মুসা উইল বাবর (৩৯), সৈয়দা আনিকা জামান ওরফে অর্পিতা জামান (৩০), লায়লা আফরোজ প্রিয়া (২৬), তানজীম আলী শাহ ও মো হাসিবুল ইসলাম (২২)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম আইস ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, উচ্চবিত্ত পরিবারের সন্তান তারা। কিন্তু ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা বিক্রি করেন তারা। পাশাপাশি আইস সেবনও করেন এই তরুণ-তরুণীরা।

ফজলুর রহমান জানান, ১০ সদস্যের এই দলটির প্রত্যেকেই ধনাঢ্য পরিবারের সন্তান। তাদের মধ্যে কেউ কেউ বিদেশে উচ্চশিক্ষা শেষে ফিরেছেন দেশে। গতকাল (শুক্রবার) বিকেল থেকে শনিবার ভোর ৪টা পর্যন্ত অধিদপ্তর এই অভিযান চালায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আলাদাভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আটটি মামলা দায়ের করা হবে।

সংস্থাটি বলছে, ঢাকায় আইসের কেনাবেচা নিয়ন্ত্রণ করে ৭-৮ জনের একটি দল। সেই দলের একজনকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়। তার দেয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে ঢাকার বিভিন্ন জায়গায় অভিযানগুলো চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

মেহেদী হাসান বলেন, প্রায় এক মাস চেষ্টার পর দলটিকে তাদের জালে ফেলতে সক্ষম হন। প্রথমে বনানী থেকে রুবাইয়াত, রোহিত হোসেন ও বাবর- এই তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রোহিত মালয়েশিয়া থেকে ব্যবসায় ব্যবস্থাপনা পড়াশোনা করে দেশে ফিরেছেন। তার বাবার একটি মার্কেট রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা তিনজন বনানীতে মুসা উইল বাবরের ভাড়া ফ্ল্যাটে নিয়মিত মাদক সেবন ও কেনাবেচার কাজ করছেন।

মেহেদী জানান, পরে একে একে বাকি সবাইকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে গ্রেপ্তার ইভানের বাবা বড় ঠিকাদার ছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ৫০০ গ্রাম আইস থেকে ১ লাখ ইয়াবা তৈরি করা সম্ভব।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission