গেলো কয়েক দিন ধরে রাজধানীসহ দেশজুড়ে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে হচ্ছে মাঝারি ও ভারী বর্ষণ। আবার কোথাও কোথাও দেখা দিয়েছে বজ্রসহ বৃষ্টিপাত। এমন পরিস্থিতি আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। এমনটাই জানা যায় আবহাওয়ার পূর্বাভাসে।
এদিকে বৃষ্টিপাতের সঙ্গে বাড়ছে বজ্রাঘাতে মৃত্যুর মিছিল। প্রতিদিন বজ্রাঘাতে প্রাণ হারানোর সংখ্যা বাড়ছে। সবশেষ সোমবার ২ জন প্রাণ হারিয়েছেন।
রোববার সারাদেশে বজ্রাঘাতে ১১ জন মারা যান। এ দিন ৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড সিলেটের শ্রীমঙ্গলে।
এদিকে মৌসুমী এ ঝড়ে রাজধানীসহ দেশের বিভিন্ন নিম্ন অঞ্চল তলিয়ে গেছে। পাশাপাশি অনেক এলাকায় কাদা পানি জমায় বেড়েছে জনভোগান্তি।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তা খোড়াখুড়ির কারণে পানি জমে যেতে দেখা গেছে। এতে করে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরে দেখা গেছে যানবাহনজট। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে বেশ ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পানিবাহিত রোগ ও জ্বরের প্রকোপ।

আবহাওয়ার অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর অনেকটা সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১২ মিনিটে।
এমসি/জেএইচ




