পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবকের পরিচয় মিলল

আরটিভি নিউজ

রোববার, ২৬ জুন ২০২২ , ০৮:৪৪ পিএম


পদ্মা সেতুর নাট-বল্টু খোলা যুবকের পরিচয় মিলল

দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করার পরই সেখানে ভিড় করেন উৎসুক জনতা। শুরু হয় নিয়ম ভাঙার হিড়িক। গাড়ি থামিয়ে ছবি তোলা, টিকটক ভিডিও বানানো, মূত্র বিসর্জনসহ নানা বিশৃঙ্খলা দেখা গেছে। পদ্মা সেতুর নাট-বল্টু খোলার অভিযোগে এক যুবককে ইতোমধ্যে আটক করেছে পুলিশ। 

রোববার (২৬ জুন) বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম (মাসুদ) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার রেজাউল করিম জানান, ‘ভিডিওতে যে যুবককে পদ্মা সেতুর নাট-বল্টু খুলতে দেখা গেছে, তার নাম মো. বায়েজিদ। তাকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তিনি কেন এই কাজ করেছেন, সেটা জানার চেষ্টা করা হচ্ছে।’

সিআইডি সূত্রে জানা গেছে, বায়েজিদের গ্রামের বাড়ি পটুয়াখালী। তিনি রাজধানীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বয়স ৩১ বছর। তার ব্যক্তিগত গাড়ি আছে। সেটা নিয়েই তিনি চলাফেরা করেন।

এর আগে, কাইসার ৭১ (Kaisar 71) নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রথমে বায়েজিদের পদ্মা সেতুর নাট-বল্টু খোলার ভিডিওটি আপলোড করা হয়। পরবর্তীতে ৩৬ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুর কংক্রিটের রেলিংয়ের ওপর থাকা লোহার রেলিংয়ের দুটি নাট খুলছেন বায়েজিদ। মূলত নাট দুটি দিয়ে কংক্রিটের রেলিং ও লোহার রেলিংয়ের সংযোগ দেওয়া হয়েছে। নাট খুলে হাতে নিয়ে বায়েজিদকে বলতে শোনা যায়, ‘এই হলো আমাদের পদ্মা সেতু। আমাদের হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু।’ এ সময় ক্যামেরার পেছন থেকে আরেকজনকে বলতে শোনা যায়, ‘নাট খুলে ভাইরাল করে দিয়েন না।’ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বায়েজিদের এমন কাণ্ডে নেটিজেনদের অনেকেই তার শাস্তির দাবি করেছেন।

নেটিজেনরা বলছেন, নাটগুলো খোলার জন্য বায়েজিদ সঙ্গে করে রেঞ্জও নিয়ে গিয়েছিলেন। ভিডিও করার আগে তিনি নাটগুলো রেঞ্জ দিয়ে খুলে রেখেছিলেন। পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ করার জন্যই ক্যামেরার সামনে হাত দিয়ে নাটগুলো খোলেন তিনি। কারণ, এমন অত্যাধুনিক ও মজবুত সেতুর নাট কখনোই খালি হাতে খোলা সম্ভব নয়।

নেটিজেনদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এত হাজার কোটি টাকার একটা সেতু, সেই সেতুর মান নিয়ে এভাবে ব্যঙ্গ করা ঠিক?

এদিকে অমিত দাস নামের একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়েছে, বায়েজিদ ছাত্রদল কর্মী।

পুলিশ সুপার রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, এ বিষয়ে আগামীকাল (সোমবার) সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission