পুলিশ বাহিনীতে সচিব পদমর্যাদার ১০টি গ্রেড-১ পদ রাখার দাবি

আরটিভি নিউজ

রোববার, ০৮ জানুয়ারি ২০২৩ , ০৬:১৬ এএম


পুলিশ বাহিনীতে সচিব পদমর্যাদার ১০টি গ্রেড-১ পদ রাখার দাবি

পুলিশ বাহিনীতে সচিব পদমর্যাদার দশটি গ্রেড-১ পদ রাখার দাবি করা হয়েছে। নির্ধারিত এই পদগুলোর মধ্যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, র‌্যাবের মহাপরিচালকের পদও রাখা হয়েছে। পুলিশ সপ্তাহ-২০২৩ এর পঞ্চম দিনে শনিবার (৭ জানুয়ারি) রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে এ দাবি করেছেন। 

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে মতবিনিময় সভা রাত ৮টায় শুরু হয়ে রাত পৌনে ১১টায় শেষ হয়। এতে দেশের সব মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি), সারা দেশের পুলিশ সুপার, পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান ও পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক থেকে অতিরিক্ত মহাপরিদর্শক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভা সূত্র থেকে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের ১১ জন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেছেন। এসময় একজন কর্মকর্তা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদকে চার তারকা জেনারেলের (সেনাপ্রধান) পদের সমান করার প্রস্তাব দেন। আরেক কর্মকর্তা আইজিপি পদকে সিনিয়র সচিব পদমর্যাদার করার প্রস্তাব করে তাকে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাচিবিক ক্ষমতা দেওয়ার জন্য বলেন। অন্য একজন কর্মকর্তা পুলিশ অধিদপ্তরকে পুলিশ সদর দপ্তর করার দাবি করেন। 

স্বতন্ত্র একটি পুলিশ বিভাগ করার প্রস্তাব করা হয় পুলিশের পক্ষ থেকে। এ ছাড়া পুলিশ সদর দপ্তরকে পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের বদলি ও পদোন্নতির ক্ষমতা দেওয়ার দাবি করা হয়। সভায় পুলিশের জন্য একটি বিশ্ববিদ্যালয়ে ও একটি স্বতন্ত্র ইনস্টিটিউট করার দাবি করা হয়। পুলিশের জন্য ঢাকার বাইরে একটি স্পোর্টস কমপ্লেক্স করার দাবি করেন এক কর্মকর্তা। 

এছাড়া পুলিশের সাধারণ কর্মীদের (সিভিল স্টাফ) আজীবন রেশন সুবিধা, পরিবহন সঙ্কট দূরীকরণ এবং স্বতন্ত্র একটি মেডিকেল কোর করার দাবি করা হয় মতবিনিময় সভা থেকে। 

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের সব দাবি ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এগুলোর মধ্যে কিছু বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সভায় উপস্থিত সিনিয়র সচিব আমিনুল ইসলাম সহ সংশ্লিষ্ট সচিবকে নির্দেশ দেন তিনি। কিছু বিষয় সমাধানে আশ্বাস দেন স্বারষ্ট্রমন্ত্রী। 

এর আগে পুলিশের কাজের প্রশংসা করে সভায় বক্তব্য প্রদান করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও স্বরাষ্ট্রসচিব আমিনুল ইসলাম।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission