মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন: কেজরিওয়াল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৯ মে ২০২৪ , ১০:১২ এএম


মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন: কেজরিওয়াল
ফাইল ছবি

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন চলছে। সেই নির্বাচনের মধ্যেই মোদির সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ভারতের বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ, পাকিস্তান ও রাশিয়া স্টাইলে ভোট করতে চাইছেন। এভাবে ভোট করে ক্ষমতায় বসা কাপুরুষতার নিদর্শন।

শনিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত শুক্রবার ভারতের পরিস্থিতিকে রাশিয়ার সাথে তুলনা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদিকে পরোক্ষভাবে উপহাস করেছেন। একইসঙ্গে ভারত ‘খুব বিপজ্জনক’ পর্যায়ে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) বিরোধী ইন্ডিয়া ব্লকের এক সমাবেশে বক্তৃতাকালে কেজরিওয়াল বলেন, ‘বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট... পুতিন হয় তার সব প্রতিদ্বন্দ্বী নেতাদের জেলে পাঠিয়েছেন, আর না হয় তাদের হত্যা করেছেন। তারপর (পুতিন) নির্বাচন পরিচালনা করেন এবং ৮৭ শতাংশ ভোট পেয়েছেন’।

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, ‘বাংলাদেশে, সম্প্রতি নির্বাচন হয়েছে। (নির্বাচনের আগে বাংলাদেশে) সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়েছেন। পাকিস্তানের নির্বাচনে দেশটির প্রবীণ নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল, তার দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এরপরই নির্বাচন পরিচালিত হয়েছে’।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদিজি, বাংলাদেশ ও পাকিস্তান থেকে শেখার পরে এখানে, ভারতে একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘তারা আমাকে জেলে রেখেছিল, (দিল্লির সাবেক ডেপুটি সিএম) মণীশ সিসোদিয়াকে জেলে রাখা হয়েছিল... কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছিল... এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটি কাপুরুষতার চিহ্ন।’

উল্লেখ্য, কথিত মদ নীতি কেলেঙ্কারির সাথে জড়িত দুর্নীতির অভিযোগে ৫০ দিন করাগারে থাকার পরে গত ১০ মে অরবিন্দ কেজরিওয়াল দিল্লির তিহার জেল থেকে মুক্তি পান। জেল থেকে মুক্তির পরপরই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দেন তিনি।

এর আগে, একইদিন দুপুরে দেশটির সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পান কেজরিওয়াল। শীর্ষ আদালতের এই রায়ের ফলে আগামী ১ জুন অর্থাৎ লোকসভা ভোটের শেষ দফা পর্যন্ত জেলের বাইরে থাকবেন তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission