ইথিওপিয়াতে ভয়াবহ ভূমিধস, নিহত ২২৯ 

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪ জুলাই ২০২৪ , ০৪:১২ এএম


ইথিওপিয়াতে ভয়াবহ ভূমিধস, নিহত ২২৯ 
ছবি: সংগৃহীত

ইথিওপিয়াতে ভারি বৃষ্টিপাতের পর ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে অন্তত ২২৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় সোমবার (২২ জুলাই) ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলের গোফা জোনের একটি প্রত্যন্ত অঞ্চল কেনচো-শাচা এলাকায় ভূমিধসের দুর্ঘটনা ঘটে। গোফা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩২০ কিলোমিটার (১৯৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

মঙ্গলবার (২৩ জুলাই) স্থানীয় প্রশাসন জানায়, প্রথম দফায় ভূমিধসের ঘটনা ঘটে সোমবার। এ সময় অনেকেই কাদামাটির নিচে চাপা পড়ে। তাদের সহায়তায় এগিয়ে আসে অধিবাসীরা। এরপর দ্বিতীয় দফায় ভূমিধস হয়। এতে আবারও অনেকে চাপা পড়ে।

দেশটির যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ২২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৪৮ জন পুরুষ ও ৮১ জন নারী। 
 
সরকারি মালিকানাধীন ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) এর আগে জানিয়েছিল, কাদা থেকে পাঁচজনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসক দাগেমাউই আয়েলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহতদের অধিকাংশই ভূমিধসে ক্ষতিগ্রস্ত একটি বাড়ির বাসিন্দাদের সাহায্য করতে গিয়েছিল।
 
দাগেমাউইর বরাত দিয়ে ইবিসি বলেছে, যারা জীবন রক্ষার কাজে ছুটে এসেছিল তারা এই দুর্যোগে মারা গেছেন। এদের মধ্যে স্থানীয় প্রশাসক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী এবং কৃষি পেশাজীবীরাও রয়েছেন।
 
কামাল হাশি মোহামুদ নামে দেশটির এক সংসদ সদস্য বলেন, ‘প্রথমটির কয়েক মিনিট পর দ্বিতীয় ভূমিধসের ঘটনা ঘটে। লোকজন ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের ব্যবস্থা করছে এবং তাদের খাবার দিচ্ছে।’

উল্লেখ্য, ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এর আগেও ভূমিধসের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে এক সপ্তাহের ব্যবধানে দুটি পৃথক ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছিলেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission