প্রধান উপদেষ্টা সাক্ষাৎ না দিলে যমুনা ঘেরাওয়ের হুমকি সাবেক বিডিআর সদস্যদের

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০৫:০৬ পিএম


প্রধান উপদেষ্টা সাক্ষাৎ না দিলে যমুনা ঘেরাওয়ের হুমকি সাবেক বিডিআর সদস্যদের
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা বা তার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ না করালে মঙ্গলবার (২৪ জুন) যমুনা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

সোমবার (২৩ জুন) বেলা আড়াইটার দিকে জাতীয় জাদুঘরের সামনে এ ঘোষণা দেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম সবুজ।

সবুজ বলেন, আমরা শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আমাদের সাক্ষাৎ করাবেন। তাই মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যদি আমাদের কোনো কিছু জানানো না হয়, তাহলে আমরা যমুনা ঘেরাও কর্মসূচি পালন করব। এর আগে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করব।

তিনি আরও বলেন, আমরা ভেবেছিলাম নতুন সরকার আসায় সুষ্ঠু বিচার পাব। কিন্তু সেটা পাইনি। বর্তমান সরকার আসার পর অনেক আসামি মুক্তি পেয়েছে, কিন্তু বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়নি।

এর আগে, দুপুর পৌনে ১টার দিকে শাহবাগে সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। এ সময় শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় পৌনে এক ঘণ্টা পর সড়ক ছেড়ে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এতে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগে সড়ক অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। তাদেরকে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার কথা বলে সময় নেওয়া হয়েছে। সেই পর্যন্ত তারা যেন মানুষের দুর্ভোগ সৃষ্টি না করেন, তা বুঝিয়ে জাদুঘরের সামনে নিয়ে আসা হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

আরটিভি/একে -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission