বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট ১২ জেলার ওপর জরিপ চালিয়েছে। এতে মাত্র আড়াই শতাংশ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারের জনআকাঙ্ক্ষা পূরণে সন্তুষ্টি প্রকাশ করেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গুলশানের একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ: জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় জরিপের এই ফলাফল প্রকাশ করা হয়।
জরিপ দেখা যায়, ৫৪ শতাংশ মানুষ মনে করেন জনআকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের অবস্থান মাঝামাঝি। রাজনৈতিক দলগুলোর সংস্কারের ভাবনায়, ৯৬ শতাংশ মানুষ দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা চান এবং ৯৪ শতাংশ মানুষ চান দলগুলো অর্থ ও জবাবদিহিতা তৈরি করবে।
এছাড়া ১৯ শতাংশ মানুষ সংস্কারকে প্রাধান্য দিলেও ২৪ শতাংশ মানুষ চান নির্বাচন। আর আগামী নির্বাচনে ব্যালটে ‘না’ ভোটের সুযোগ চান ৭৮ শতাংশ মানুষ।
সভায় উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেয়া প্রয়োজন। জনগণ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।
তিনি বলেন, জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানাবিধ মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে। তবে সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন বলে মনে করেন তিনি।
আরটিভি/এএইচ





