গতকাল শুক্রবার (২১ নভেম্বর) শক্তিশালী ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই শনিবার সকালে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। সকালের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়ে প্রথমে ভুল তথ্য দিলেও, পরে আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি সাভারের বাইপাইল নয়, বরং নরসিংদীর পলাশ উপজেলায় হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আজ বিকেল চারটার দিকে এই সংশোধিত তথ্য নিশ্চিত করে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, তাদের প্রাথমিক বিশ্লেষণে কিছুটা সমস্যা হয়েছিল। চূড়ান্ত তথ্য অনুযায়ী, আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই মৃদু ভূমিকম্পটি নরসিংদীর পলাশ উপজেলায় হয়েছিল। উৎপত্তিস্থল ছাড়া বাকি সব তথ্য অপরিবর্তিত রয়েছে।
আজকের মৃদু ভূমিকম্পটি এমন এক সময়ে অনুভূত হলো, যখন গতকাল শুক্রবার সকালে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি। গতকাল সকালে ৫ দশমিক ৭ মাত্রার তীব্র ঝাঁকুনিতে রাজধানী ঢাকাসহ সারা দেশ কেঁপে উঠেছিল। এই ঘটনায় শিশুসহ মোট ১০ জন নিহত এবং ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
নিহতদের মধ্যে সবচেয়ে বেশি—পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। এছাড়া ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এ ছাড়াও কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়। গতকালের এই শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
আরটিভি/এআর




