দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য অপেক্ষিত নতুন বেতন স্কেলের প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। নতুন বেতন কাঠামোর আওতায় গ্রেডভিত্তিক মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সর্বনিম্ন বেতন নির্ধারিত হয়েছে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।
বুধবার জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হয়। উচ্চ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার খরচ বৃদ্ধির প্রেক্ষিতে এই নতুন বেতন কাঠামোর প্রস্তাবনা সরকারি কর্মচারীদের অর্থনৈতিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
গ্রেডভিত্তিক বেতন বৃদ্ধি:
গ্রেড–১: ৭৮,০০০ → ১,৬০,০০০ টাকা (১০৫%)
গ্রেড–২: ৬৬,০০০ → ১,৩২,০০০ টাকা (১০০%)
গ্রেড–৩: ৫৬,৫০০ → ১,১৩,০০০ টাকা (১০০%)
গ্রেড–৪: ৫০,০০০ → ১,০০,০০০ টাকা (১০০%)
গ্রেড–৫: ৪৩,০০০ → ৮৬,০০০ টাকা (১০০%)
গ্রেড–৬: ৩৫,৫০০ → ৭১,০০০ টাকা (১০০%)
গ্রেড–৭: ২৯,০০০ → ৫৮,০০০ টাকা (১০০%)
গ্রেড–৮: ২৩,০০০ → ৪৭,২০০ টাকা (১০৫%)
গ্রেড–৯: ২২,০০০ → ৪৫,১০০ টাকা (১০৫%)
গ্রেড–১০: ১৬,০০০ → ৩২,০০০ টাকা (১০০%)
গ্রেড–১১: ১২,৫০০ → ২৫,০০০ টাকা (১০০%)
গ্রেড–১২: ১১,৩০০ → ২৪,০০০ টাকা (১১২%)
গ্রেড–১৩: ১১,০০০ → ২৪,০০০ টাকা (১১৮%)
গ্রেড–১৪: ১০,২০০ → ২৩,৫০০ টাকা (১৩০%)
গ্রেড–১৫: ৯,৭০০ → ২২,৮০০ টাকা (১৩৫%)
গ্রেড–১৬: ৯,৩০০ → ২১,৯০০ টাকা (১৩৬%)
গ্রেড–১৭: ৯,০০০ → ২১,৮০০ টাকা (১৪২%)
গ্রেড–১৮: ৮,৮০০ → ২১,০০০ টাকা (১৩৯%)
গ্রেড–১৯: ৮,৫০০ → ২০,৫০০ টাকা (১৪১%)
গ্রেড–২০: ৮,২৫০ → ২০,০০০ টাকা (১৪২%)
বেতন ছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট বর্তমান ৫ শতাংশের সমান রেখে বৈশাখী ভাতা ২০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনেও উল্লেখযোগ্য বৃদ্ধি হবে। ২০ হাজার টাকার কম পেনশনে প্রায় ১০০%, ২০–৪০ হাজার টাকায় ৭৫% এবং ৪০ হাজার টাকার উপরে ৫৫% পর্যন্ত পেনশন বৃদ্ধি সুপারিশ করা হয়েছে। পাশাপাশি পেনশনভোগীদের চিকিৎসা ভাতা বয়সভিত্তিক পুনর্নির্ধারণ করা হবে।
বিশেষত প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে সর্বোচ্চ দুই জনের জন্য ২ হাজার টাকা করে ভাতা দেওয়ার সুপারিশ রাখা হয়েছে।
নতুন বেতন কাঠামো চলতি বছরের জানুয়ারি থেকে আংশিকভাবে কার্যকর করার প্রস্তাব থাকলেও, আগামী ১ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের নতুন বেতন কাঠামো সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি করে তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।
আরটিভি/এসকে




