৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী প্রার্থী শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করলে সেখানে তার নাম পাওয়া যায়নি।
এর আগে, গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে পিএসসি। তবে সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে মাত্র ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সে হিসেবে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও ১৮৬ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েছেন, যাদের মধ্যে শামীম শাহরিয়ারও রয়েছেন।
উল্লেখ্য, গত ৩০ জুন রাতে পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিক্যাল কলেজের কে-৭৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।
চূড়ান্ত ফল প্রকাশের সময় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেছেন। তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। পরে তিনি নটরডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন।
চূড়ান্ত গেজেটে তার নাম না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক কোনো কারণ, নাকি প্রশাসনিক বা প্রক্রিয়াগত জটিলতার কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ প্রসঙ্গে পিএসসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
আরটিভি/এসকে




