স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ করছে সরকার। ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ধলপুর এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধের কার্যকারিতা পরীক্ষা ও কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আমদানি করা ওষুধের বেশ কিছু স্যাম্পল নেওয়া হয়েছে। এগুলোর কার্যকারিতা দ্রুততম সময়ে পরীক্ষা করা হবে। ওষুধের কার্যকারিতা না থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ওষুধের কার্যকারিতা ঠিক থাকবে বলে আশা করছি।
তিনি আরও বলেন, মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে মশক নিধন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ সময় সরকারের পাশাপাশি জনগণকে এই কার্যক্রমে সহায়তার আহ্বান জানান তিনি।
আরটিভি/আইএম





