জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ছাড়াও জানাজায় সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য বিরোধী দলীয় নেতা ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে মৃতের কফিনে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এরপর স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ শ্রদ্ধা জানান।
জানা গেছে, দিলারা হাফিজের দ্বিতীয় জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হবে তাকে।
এর আগে গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিলারা হাফিজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আরটিভি/এমএইচজে



