প্রধানমন্ত্রীর অনুদানে ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ সামগ্রী দিল বাংলাদেশ

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০১:৫৬ পিএম


প্রধানমন্ত্রীর অনুদানে ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ সামগ্রী দিল বাংলাদেশ
ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে জরুরি ওষুধ সামগ্রী হস্তান্তর করেছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকাস্থ ইরানি দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) ড. মো. নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসা সহায়তার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৬ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান প্রদান করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে সচিব (দ্বিপাক্ষিক) ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির জন্য গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। তিনি আশা প্রকাশ করেন যে, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে এই সংকটের সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে।

ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি সহায়তা গ্রহণকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন এবং এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির বলেন, রেড ক্রিসেন্ট বিশ্বের নিপীড়িত মানুষের জন্য কাজ করে থাকে। যুদ্ধকালীন সময়ে ইরানের জনগণের জন্য এই মানবিক সহায়তায় অংশগ্রহণ তাদের দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission