তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সব অংশীজনদের সম্মিলিত মেধা ও চিন্তাশক্তি প্রয়োগ করা জরুরি।
শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিআইএসএ) আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন: টেলিকম, ডেটা ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত জ্ঞানের সমষ্টিগত চর্চাই একটি জাতির শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়। ভবিষ্যৎ সভ্যতার চ্যালেঞ্জ মোকাবিলায় এটিই হবে আমাদের প্রধান হাতিয়ার।
বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর ও বিরল খনিজ সম্পদ এখন বৈশ্বিক সভ্যতার কৌশলগত উপাদানে পরিণত হয়েছে। বিশ্বের প্রভাবশালী ১০০ নেতার তালিকায় একজন সেমিকন্ডাক্টর কোম্পানির প্রধানের স্থান পাওয়া প্রমাণ করে যে, প্রযুক্তির শক্তি এখন দেশ ও সীমানা ছাড়িয়ে গেছে। আগে যুদ্ধের কারণ কেবল জ্বালানি তেল থাকলেও এখন তা প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করছে।
আইসিটি খাতের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, জটিল প্রযুক্তিগত উন্নয়ন বা ডিজিটাল সভ্যতার অগ্রগতির বিষয়গুলো সাধারণ মানুষের চেয়ে আপনারা বেশি ভালো বোঝেন। তাই দেশ ও জাতির দায়িত্ব পালনকারী নীতিনির্ধারকদের আপনারা সঠিক দিশা দেখাতে পারেন। আপনাদের সম্মিলিত জ্ঞানই আমাদের সময়োপযোগী ও কার্যকর নীতিমালা প্রণয়নে সহায়তা করবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিআইএসএ এমন একটি মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে-যেখানে আইসিটি খাতের বিনিয়োগকারী, শিল্পপতি ও বিশেষজ্ঞরা তাদের উদ্ভাবনী আইডিয়া শেয়ার করবেন। ‘টেলিকম ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ এর মতো গুরুত্বপূর্ণ আইন নিয়ে এমন উন্মুক্ত সংলাপ ডিজিটাল বাংলাদেশের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী), বিআইএসএ-এর প্রধান উপদেষ্টা মুস্তফা রফিকুল ইসলাম ডিউক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের সভাপতি ফয়সাল আলিম।
অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তি খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
আরটিভি/আইএম




