মাগুরার আছিয়াকে ভুলে গেছেন? ফাঁসির রায় হলেও ঝুলে আছে বিচার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৮:২০ এএম


মাগুরার আছিয়াকে ভুলে গেছেন? ফাঁসির রায় হলেও ঝুলে আছে বিচার
ছবি: সংগৃহীত

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার এক বছর পেরিয়ে গেলেও এখনো কার্যকর হয়নি মৃত্যুদণ্ডের রায়। এতে হতাশ ও ক্ষুব্ধ আছিয়ার পরিবার। শিশুটির মা আয়েশা খাতুন বলছেন, মেয়েটা মারা গেছে অনেক আগেই, কিন্তু এখনো খুনির ফাঁসি দেখলাম না।

গত বছরের এই ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। বিচারিক আদালত প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিলেও মামলাটি এখন উচ্চ আদালতের আপিলে আটকে আছে। ফলে কবে রায় কার্যকর হবে, তা নিয়ে অনিশ্চয়তায় পরিবার।

মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে ছোট্ট টিনের ঘরে এখনো আছিয়ার স্মৃতি বয়ে বেড়াচ্ছেন তার মা। তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনার পর অনেকে পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও এখন আর কেউ খোঁজ নেয় না। সংসার চলছে একটি গাভির দুধ বিক্রি করে।

আছিয়ার মা আরও বলেন, খুনি জেলে বসে ভালো আছে, আর আমরা প্রতিদিন কষ্ট নিয়ে বাঁচছি। এত দেরি হলে ভয় হয়, শেষে যদি বিচারই না পাই।

আরও পড়ুন

২০২৫ সালের ৫ মার্চ বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয় আট বছরের আছিয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

ঘটনার পর সারা দেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দ্রুত বিচার ও কঠোর শাস্তির আশ্বাসও দেওয়া হয়েছিল। তবে এক বছর পার হলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি।

বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, হিটু শেখের করা আপিল এখন উচ্চ আদালতে বিচারাধীন। তারা দ্রুত শুনানি শেষে রায় কার্যকরের আশা করছেন।

এদিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, এমন আলোচিত মামলার বিচার ঝুলে থাকলে অপরাধীরা আরও সাহস পায়। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission