বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল বাস’ চালু করল বেবিচক

আরটিভি নিউজ

বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ০৩:১৭ পিএম


বিমানবন্দরে যাত্রীদের জন্য ‘ফ্রি শাটল বাস’ চালু করল বেবিচক
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সম্পূর্ণ বিনামূল্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে পরিচালিত এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপির সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই ফ্রি শাটল সার্ভিসটি চালু করা হয়েছে। বাসগুলো প্রাথমিকভাবে বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর রুটে চলাচল করবে।

এর মাধ্যমে যাত্রীরা বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগস্থলের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত, নিরাপদ ও আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন।

এই সেবাটি বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য বড় ধরনের সুবিধা বয়ে আনবে। একই সঙ্গে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরতা কমিয়ে বিমানবন্দর এলাকায় যানজট হ্রাস ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতেও এটি কার্যকর ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বলেন, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সেবার মান উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে বেবিচক ধারাবাহিকভাবে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করছে। তারই অংশ হিসেবে এই ফ্রি শাটল সার্ভিস চালু করা হয়েছে, যা যাত্রীদের সময় সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে।

‘সম্মানিত যাত্রী সর্বাগ্রে’ এই অঙ্গীকারকে ধারণ করে বেবিচক ভবিষ্যতেও যাত্রীসেবার মানোন্নয়নে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে বেবিচক ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission