খরচ ছাড়াই বাংলাদেশ থেকে লোক নিতে আগ্রহী মালয়েশিয়া

মোস্তফা ইমরান রাজু, মালয়েশিয়া প্রতিনিধি

বুধবার, ০৮ জানুয়ারি ২০২০ , ১২:০৩ পিএম


এম কুলাসিগারান
মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসিগারান

প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ মাহাথিরের প্রতিশ্রুতি অনুযায়ী নেপালের মতো বিনা খরচে বাংলাদেশ থেকে লোক নেয়ার আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়া। এ প্রক্রিয়ায় শুধু বিমান ভাড়া ও মেডিকেল খরচ দিয়ে মালয়েশিয়া আসতে পারবে বাংলাদেশিরা। কোনও কোনও ক্ষেত্রে এ খরচও বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। এ জন্য ঢাকার সঙ্গে কুয়ালালামপুরের আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসিগারান।

মঙ্গলবার কুলাসিগারানের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মালয়েশিয়াভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম মালয় মেইল।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্যিক অবরোধ মোকাবিলায় পূর্ব প্রস্তুতিমূলক যেসব পদক্ষেপ নেয়া হচ্ছে তার মধ্যে এটি অন্যতম। একই নীতিতে শ্রমিক নেয়ার বিষয়ে ইতোমধ্যে নেপালের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে মালয়েশিয়া।

কুলাসিগারান বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নেপালের সঙ্গে হওয়া চুক্তির মতোই বাংলাদেশের সঙ্গে চুক্তিটি হতে পারে।

এই চুক্তি সম্পন্ন হলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কোনও খরচ লাগবে না। শ্রমিক নিয়োগের সার্ভিস চার্জ, বিমান ভাড়া, ভিসা ফি, স্বাস্থ্য পরীক্ষা, নিরাপত্তা ব্যয়সহ অন্যান্য ব্যয় বহন করবে নিয়োগদানকারী প্রতিষ্ঠান।

কুলাসিগারান জানান, ২০০৮ সালে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া বন্ধ করেছিল। বিষয়টি নিয়ে দুই দেশের সরকার একাধিকবার আলোচনা করেছে। আলোচনায় ইতিবাচক ফলাফলও এসেছে।

চলতি জানুয়ারি মাসের মধ্যেই মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল ঢাকা আসবে। তারা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে বিনা খরচে শ্রমিক নেয়ার বিষয়টি চূড়ান্ত করবেন।

কুলাসিগারান বলেন, কিছু আলোচনার বিষয় রয়েছে। সেগুলো সম্পন্ন করতে হবে। বাংলাদেশ সেগুলো সমাধান করলে শ্রমিক নেয়া শুরু হবে। এ জন্য মালয়েশিয়া সরকার প্রস্তুত।

এ/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission