নেতানিয়াহুর সংস্পর্শে থাকা উপদেষ্টা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ৩০ মার্চ ২০২০ , ০৩:৫৫ পিএম


বেনিয়ামিন নেতানিয়াহু
সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আল্ট্রা-অর্থোডক্স বিষয়ক উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

স্থানীয় দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন।

ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এখন ব্যবস্থা নেবেন নেতানিয়াহু। এই গণমাধ্যমটি জানায়, পালুচের স্বামীর শরীরে করোনার উপস্থিতি পাওয়ার বেশ কয়েক ঘণ্টা পর তিনি আক্রান্ত হন।

এদিকে ইসরায়েলে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ১৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে। আর সুস্থ হয়েছে ১৩২ জন।

ইসরায়েলে করোনাভাইরাসের বিস্তাররোধে সব স্কুল বন্ধ রাখা হয়েছে এবং জমায়েত বা একসঙ্গে ১০ জনের বেশি মানুষ জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সুপারমার্কেট, ফার্মেসি, গ্যাস স্টেশন ও ব্যাংক ছাড়া সব প্রতিষ্ঠান গত ১৫ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশটিতে।

উল্লেখ্য, গত বছরের শেষ সপ্তাহে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বিশ্বজুড়ে সাত লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩৪ হাজার মানুষের। আর সুস্থ হয়ে উঠেছে দেড় লাখের বেশি মানুষ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission