সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটালো নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব।
গত সোমবার (৯ মার্চ) রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসায় "Iftar Distribution & Eid Clothing 2026" শীর্ষক এক মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ত্যাগের মহিমা থেকে অনুপ্রাণিত হয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়।
উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ঈদের খুশিকে আরও দ্বিগুণ করে তোলা। আয়োজনের অংশ হিসেবে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মোট ৫৫০টি নতুন ঈদের পোশাক তুলে দেওয়া হয়। এর মধ্যে ছাত্রীদের জন্য ২৫০টি এবং ছাত্রদের জন্য ৩০০টি আকর্ষণীয় পোশাক প্রদান করা হয়।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রতিটি ধাপ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। ক্লাবের প্রতিনিধিরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।
পুরো আয়োজনজুড়ে মাদ্রাসার আঙিনায় এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। শিক্ষার্থীরা কেবল ইফতারিই নয়, বরং আসন্ন ঈদের নতুন পোশাক পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। মাদ্রাসার শিক্ষকরা এই মহতী উদ্যোগের প্রশংসা করে জানান, তরুণ শিক্ষার্থীদের এমন মানবিক কর্মকাণ্ড সমাজের পিছিয়ে পড়া শিশুদের মনে আত্মবিশ্বাস জোগাবে এবং ঈদের খুশিকে পরিপূর্ণতা দেবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে। সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা পালন করতে তারা আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আরটিভি/এআর





