ঢাবিতে ছাত্রদলের বর্ণিল বৈশাখ বরণ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০৭:২০ পিএম


ঢাবিতে ছাত্রদলের বর্ণিল বৈশাখ বরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে দিনব্যাপী বর্ষবরণের অনুষ্ঠানে উৎসুক জনতা। ছবি: সংগৃহীত

আজ পহেলা বৈশাখ। দেশের নানা প্রান্তে উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বর্ষবরণের অনুষ্ঠান। আর এক্ষেত্রে পিছিয়ে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ছাত্রদল। পুতুলনাচ, লাঠিখেলা, নাগরদোলা ও হালখাতার আয়োজনে বর্ণিলভাবে পহেলা বৈশাখ বরণ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এই আয়োজন। এরপর পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’, যা উপস্থিত দর্শকদের মাঝে সৃষ্টি করে আবেগঘন পরিবেশ।

আরও পড়ুন

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী নড়াইলের লাঠিখেলা। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠিয়ালের দলের পরিবেশনায় ঢোলের তালে তালে লাঠির ছন্দময় লড়াই দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। মুহূর্তেই পুরো এলাকা পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

মল চত্বরের পানির ফোয়ারার পাশে সাজানো হয় হালখাতার ঘর। হারিকেনসহ পুরোনো দিনের বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো এ ঘর দর্শনার্থীদের মনে গ্রামীণ জীবনের স্মৃতি জাগিয়ে তোলে। পাশেই টেবিল পেতে হালখাতা নিয়ে বসেন ছাত্রদলের নেতারা।

এছাড়া হাকিম চত্বরে বসানো নাগরদোলা ছিল শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সকাল থেকেই সেখানে দেখা যায় দীর্ঘ সারি। আয়োজনে আরও ছিল বাউল ও সারিগানের পরিবেশনা, যা উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা।

বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের অন্যান্য নেতারা।

উপস্থিত দর্শনার্থীরা মনে করছেন গ্রামীণ সংস্কৃতির আবহে এই আয়োজন নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আরটিভি/এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission