১১ মাসেও সংস্কার হয়নি সেই ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য

আরটিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ১০:১৫ পিএম


১১ মাসেও সংস্কার হয়নি সেই ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি ১১ মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে।। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কবির সাহিত্য-প্রভাবিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙার ঘটনার পর ১১ মাস পেরিয়ে গেলেও এখনও ভাস্কর্যটি সংস্কার করা হয়নি। ভাস্কর্যটি ভাঙা শুরু হয় গত বছরের পবিত্র ঈদুল আজহায় বিশ্ববিদ্যালয়ের ছুটি চলাকালে। প্রতিবাদের মুখে ভাঙা বন্ধ রাখার পর ভাস্কর্যটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে ১৫ সদস্যের একটি কমিটিও করা হয়। তবে এখনও তা আলোর মুখ দেখেনি।

ভাস্কর্যটি এক বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। অর্ধেক ভাঙা ভাস্কর্যটি এখন অসুন্দরের কারণ। দ্রুত এটি সংস্কার করে আগের রূপে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটি চলাকালে ভাস্কর্যটি ভাঙতে শুরু করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে ফেসবুক ও বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। অনেক শিল্পীও নিজেদের ফেসবুকে প্রতিবাদ জানান। ওই বছরের ২২ জুন ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য ভাঙার প্রতিবাদ এবং আগের নকশায় সংস্কারের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপিও দেন কয়েকজন শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্য তৈরির পর ভাঙার আগমুহূর্ত পর্যন্ত সেটার ব্যবহার কিংবা সৌন্দর্য নিয়ে প্রশ্ন ছিল না। ছুটির সময়ে যখন ভাস্কর্যটি ভাঙা শুরু হয়, তখন জানা যায় প্রশাসনের অনুমতিতে ভাঙা হচ্ছে। আমাদের দাবির মুখে প্রশাসন সংস্কারের আশ্বাস দিলেও বাস্তবায়ন করছে না। তৎকালীন প্রশাসন বিশেষ কোনো গোষ্ঠীকে খুশি করতে ভাস্কর্য ভাঙতে গিয়েছিল। আমরা চাই নজরুল সৃষ্টিকর্মের প্রেরণায় নির্মিত ভাস্কর্যটি পুনঃস্থাপিত হোক। ভাঙার নীলনকশাকারীদের আইনের আওতায় আনা হোক।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভবনের সামনের পুকুরের সৌন্দর্য বাড়াতে ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি নির্মাণ করা হয়। ভাস্কর মনিন্দ্র পাল এটি নির্মাণ করেছিলেন। ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হওয়া কাজ অক্টোবরে শেষ হয়। গত বছর ভাস্কর্যটি ভাঙা শুরু হলে প্রতিবাদের মুখে কাজ বন্ধ করে দেয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ২২ জুন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জয়নুল আবেদীন সিদ্দিকীকে কমিটির আহ্বায়ক ও উপপ্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলামকে সদস্যসচিব করে ১৫ সদস্যের কমিটি করে দেয়। তাদের ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছিল।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডিপিডি মো. হাফিজুর রহমান বলেন, ভাস্কর্যটির বিষয়ে যে কমিটি করা হয়েছিল, সেই কমিটি প্রায় এক মাস আগে সুপারিশ জমা দিয়েছে। আগে যে ভাস্কর্য ছিল, সেটিকে সংস্কারের পাশাপাশি আরও নতুন কিছু বিষয় যুক্ত করে প্রস্তাব দেওয়া হয়েছে। পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস কমিটির সভা করে সুপারিশ বাস্তবায়নের কাজ শুরু করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মিজানুর রহমান বলেন, ভাস্কর্যটির বিষয়ে আমরা যে কমিটি করেছিলাম, তাদের সুপারিশে একটি নকশা দেওয়া হয়েছে। এখন সেই অনুযায়ী কাজ হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission