যবিপ্রবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি গঠন, নেতৃত্বে প্রান্ত-রুবাইয়াত

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ  

শনিবার, ১১ জুলাই ২০২৬ , ০৫:৩৭ পিএম


যবিপ্রবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের নতুন কমিটি গঠন, নেতৃত্বে প্রান্ত-রুবাইয়াত
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের ভোটগ্রহণের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রান্ত কর্মকার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের শিক্ষার্থী রুবাইয়াত হোসেন।

শনিবার (১১ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সপ্তম তলায় ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের নিজস্ব কক্ষে ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ১২ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ট্রেজারার চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রিপন ইসলাম, সহকারী ট্রেজারার তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. স্বাধীন হোসেন, শিক্ষা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সামাউন ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইফতেখার মাহমুদ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইয়াছিন ও মোছা. সাইয়্যীদা আক্তার নিশি, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম শ্রুতি ও বুলবুল আহমেদ হৃদয় এবং প্রথম বর্ষের শিক্ষার্থী সামিয়া ইসলাম জীম ও মো. খালিদ হোসাইন বায়েজিদ।

ক্লাবটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক ড. শফি আহম্মদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক বি. এম. খালেদ এবং সহকারী অধ্যাপক মো. সুমন রানা।

ক্লাবটির সভাপতি ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব শুধু একটি সহশিক্ষা সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। নবনির্বাচিত কমিটি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত সহ-সভাপতি প্রান্ত কর্মকার বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে পড়াশোনার পাশাপাশি ক্লাব কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষতা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি হিসেবে সেমিনার, ক্রীড়া, সাংস্কৃতিকসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সক্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। এ জন্য বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. শফি আহম্মদ বলেন, গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আশা করি, তারা দায়িত্বশীলতা, ঐক্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বিভাগের একাডেমিক, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবে। আমরা বিভাগের শিক্ষকবৃন্দও ক্লাবের সার্বিক কার্যক্রমে সবসময় পাশে থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করে আমাদের ডিপার্টমেন্টকে শিক্ষা, গবেষণা ও সংস্কৃতিতে একটি মডেল হিসেবে উপস্থাপন করতে চাই।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission