জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. রাসেল মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ১০ তলা ইউটিলিটি-৪ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
শ্রমিকদের সূত্রে জানা যায়, ভবনটিতে কাজ করার সময় রাসেল নিচে পড়ে গুরুতর আহত হন। পরে অন্যান্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
নিহত রাসেলের বাড়ি চাঁদপুর জেলায়। কাজের জন্য তিনি ময়মনসিংহে যান। মৃত্যুর পর তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে সেখানে তার দাফন সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে নির্মাণকাজ চলাকালে শ্রমিক হতাহতের ঘটনা নতুন নয়। এর আগে, ২০১৯ ও ২০২৫ সালেও বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। এ ছাড়া বিভিন্ন সময়ে নির্মাণকাজে শ্রমিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে। কিছুদিন আগেও নির্মাণাধীন একটি ছাত্র হলের ছাদের একটি অংশ ধসে একজন শ্রমিক আহত হন। ধারাবাহিক এসব দুর্ঘটনার পরও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এ বিষয়ে পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, আমরা সেই ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দুর্ঘটনা ঘটার কারণ জানতে চেয়েছি। শ্রমিকদের নিরাপত্তায় আমরা নিয়মিত তদারকি করছি, তবুও দুর্ঘটনা ঘটছে। আমরা নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবো, এ নিয়ে আমাদের আলোচনাও চলছে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আরটিভি/এসএস



