যবিপ্রবি ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ০১:২৭ এএম


যবিপ্রবি ব্লাড ব্যাংকের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং
ছবি: আরটিভি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ও রক্তদাতা নিবন্ধন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘এক ফোঁটা রক্ত, একটি নতুন জীবন’, ‘রক্তদান নয় শুধু দান, এটি এক মহৎ মানবতার কাজ’ এবং ‘তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ’—এমন বার্তা নিয়ে শিক্ষার্থীদের স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা এবং বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়ের সুযোগ করে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী চলা এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকেরা বিনামূল্যে ব্লাড গ্রুপিং করান।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের রক্তের গ্রুপ পরীক্ষা করে সম্ভাব্য স্বেচ্ছা রক্তদাতাদের একটি তালিকাও প্রস্তুত করা হয়। ভবিষ্যতে কোনো রোগীর জরুরি রক্তের প্রয়োজন হলে সংরক্ষিত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট রক্তের গ্রুপের স্বেচ্ছা রক্তদাতার সঙ্গে দ্রুত যোগাযোগের সুবিধার্থে এ তথ্যভান্ডার তৈরি করা হয়। এ ছাড়া ব্যানারে ‘মানবতার কল্যাণে এগিয়ে আসুন রক্তদানে’ এবং ‘রক্তে দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’—এমন সচেতনতামূলক বার্তাও প্রদর্শন করা হয়।

ক্যাম্পেইনে ১০৫ জন শিক্ষার্থীসহ মোট ১৫১ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৪৬ জন ছিলেন কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তাকর্মী (গার্ড) ও অভিভাবক।

এ বিষয়ে যবিপ্রবি ব্লাড ব্যাংকের সভাপতি জসিম উদ্দীন বলেন, নবীন শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করা এবং মানবিক মূল্যবোধ থেকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য। এ ক্যাম্পেইনে ১৫০-এর বেশি শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং সম্পন্ন হয়েছে, যা আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। ভবিষ্যতেও জরুরি সময়ে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে এমন তথ্যভান্ডার তৈরিসহ শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন জনসেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে যবিপ্রবি ব্লাড ব্যাংক।

ক্যাম্পেইনটি যবিপ্রবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল এবং ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের প্রভাষক ডা. কাজী মো. এমরান হোসেনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। এতে দায়িত্ব পালন করেন এআইএস বিভাগের শিক্ষার্থী ফারহান সাদিক ও ইয়ামিন, এমকেটি বিভাগের শিক্ষার্থী মো. আল-আমিন ইসলাম, এফবি বিভাগের শিক্ষার্থী সুশান্ত, জিইবিটি বিভাগের শিক্ষার্থী হানিফ, পিটিআর বিভাগের শিক্ষার্থী জাহিদ ও আসিফ, পিইএসএস বিভাগের শিক্ষার্থী অসীম এবং এনএইচএস বিভাগের শিক্ষার্থী সামিয়া আলম, ইশরাত জাহান ইভা, কারীজ ফাতেমা জেরিন ও ইশরাত আরা দিতিয়া।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission