কুকুরে চাটল বেরোবির ক্যাফেটেরিয়ার প্লেট, ভিডিও ভাইরাল

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ০৬:২৯ পিএম


কুকুরে চাটল বেরোবির ক্যাফেটেরিয়ার প্লেট, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ক্যাফেটেরিয়ায় ব্যবহৃত প্লেট ও থালাবাসন ধোয়ার স্থানের বাইরে খোলা জায়গায় রাখা রয়েছে। সেখানে দুটি কুকুর প্লেটে লেগে থাকা খাবারের উচ্ছিষ্ট চেটে খাচ্ছে।

এদিকে এ ঘটনার পাঁচ দিন পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, এ বিষয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমরা প্রতিনিয়ত এই ক্যাফেটেরিয়ায় খাই। ব্যবহৃত প্লেট-থালাবাসন যথাযথভাবে জীবাণুমুক্ত না করা হলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী সালমান ফারসি বলেন, ক্যাফেটেরিয়ার পরিবেশ দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর। ব্যবহৃত প্লেট-থালাবাসন অনেক সময় খোলা জায়গায় পড়ে থাকে। ফলে কুকুরসহ বিভিন্ন প্রাণী সেগুলোতে মুখ দেয়। বিষয়টি জানার পরও যদি বিশ্ববিদ্যালয় বা ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে তা আমাদের জন্য উদ্বেগের।

আরও পড়ুন

এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানতে ক্যাফেটেরিয়ার পরিচালক অধ্যাপক চার্লস ডারউইনকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি। এছাড়া তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, আমরা ক্যাফেটেরিয়ার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এর আগেও সতর্ক করেছিলাম। এ ঘটনার পর তার সঙ্গে দুই দফা বৈঠক করা হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে পরিবর্তন করা হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission