চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করে গহীন অরণ্যে অবমুক্ত করেছে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় প্রথমে সাপটি দেখতে পান শিক্ষার্থী সাইমন সাকিব। পরে তিনি থ্রি-এসএর সদস্যদের খবর দিলে উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
উদ্ধার হওয়া সাপটি বার্মিজ প্রজাতির অজগর। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪-১৫ কেজি।
থ্রি-এসএর সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করা হয়। পরে সেটিকে বিশ্ববিদ্যালয়ের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।
আরটিভি/এমএ



