বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেছেন, একজন মানসিক ভারসাম্যহীন রোগীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দূর্ভাগ্যজনকভাবে ছাত্র প্রতিনিধি নির্বাচিত করেছে। আমরা যে গণঅভ্যুত্থানের পরে আমরা মনে করেছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে অত্যন্ত একটা ইতিবাচক রাজনীতি চলমান থাকবে। কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটি গত বছরে এক বছরে একবারের জন্যও আমরা দেখি নাই।
রোববার (২ আগস্ট) বিকেল ৪ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল আয়োজিত 'রক্তাক্ত জুলাই : স্মরণ ও প্রত্যয়' শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন।
নাসির উদ্দীন নাসির বলেন, রাকসু জিএস শিক্ষার্থীদের জন্য পলিসি মেকিংয়ের কাজ না করে তিনি বেলচা দিয়ে শিক্ষার্থীদেরকে ভয় দেখাচ্ছেন। শিক্ষার্থীদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন।
তিনি বলেন, আমরা এরকম মানসিক ভারসাম্যহীন কোন ব্যক্তিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে দেখতে চাই না। শিক্ষার্থীরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে উনাকে নির্বাচিত করেছে সে আশা আকাঙ্ক্ষা উনার বাস্তবায়ন করা উচিত বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, জুলাই আগস্ট যদি আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকে তাহলে আমি মনে করি যে কিঞ্চিত কয়েকজন ব্যক্তি আমাদের জন্য অনাশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে তাদের মধ্যে একজন হলো নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি ক্রমাগতভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিবিদদেরকে নিয়ে যেরকম অনৈতিক, অসাঢ় ও তীর্যক মন্তব্য করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উনার এই বক্তব্যের বিপরীতে কোনো বক্তব্য দেওয়া হচ্ছে বলে মনে করি না।
তিনি বলেন, নাসিরউদ্দীন পাটোয়ারী যে পরিবার থেকে উঠে এসেছেন আমি মনে করি সেই পরিবার উনাকে সুশিক্ষা দেয় নাই, সামাজিক সুরক্ষা বিষয়টি উনাকে নিশ্চিত করতে পারেনি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে উনার পরিবারের হাতে তুলে দেওয়া উচিত। আমরা মনে করি উনার পরিবার উনাকে সুশিক্ষা দিয়ে রাজনীতির মাঠে আবার ফিরিয়ে দিলে সেটি বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি কল্যাণকর হবে।'
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীসহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
আরটিভি/ এসকেডি




