শিক্ষার্থী পেটানোয় ঢাবি ছাত্রলীগের ৮ নেতাকর্মী বহিষ্কার

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ০২ জুন ২০১৭ , ০৯:৪০ পিএম


শিক্ষার্থী পেটানোয় ঢাবি ছাত্রলীগের ৮ নেতাকর্মী বহিষ্কার

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১ শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতিসহ সংগঠনটির ৮ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিজয় একাত্তর হল কর্তৃপক্ষ। 

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় হল প্রাধ্যক্ষ এ জে এম শফিউল আলম ভূইয়া স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 
 
জানা গেছে, গেলো বৃহস্পতিবার রাতে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইসমাইল আহমেদ মুবিনকে গায়ে ধাক্কা লাগার অভিযোগ এনে ছাত্রলীগের ঢাবি ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী মারধর করেন। এরপর আহত ইসমাইলকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
 
ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃতরা হলেন- ছাত্রলীগের ঢাবি শাখার সহ সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আরিফুল ইসলাম আরিফ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের কাজী তানভীর আহমেদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের সামচিতা ব্রিজ প্রান্ত, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের রবিউল ইসলাম, আইন বিভাগের তৃতীয় বর্ষের আহসান হাবিব সজীব, ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের আবু ইউনুস এবং মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ইবনে কায়েস জিয়া। তারা সবাই ছাত্রলীগের কর্মী ও আরিফের অনুসারী বলে জানা গেছে।
 
হল প্রাধ্যক্ষ এ জে এম শফিউল আলম ভূইয়া জানান, হলের সিসিটিভির ফুটেজ দেখে মারধরকারীদের চিহ্নিত করা হয়। বহিষ্কৃতদেরকে চূড়ান্তভাবে কেন বহিষ্কার করা হবে না তার জন্য ৩ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। 

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক শফিউল আলম ভূইয়া আরটিভি অনলাইনকে বলেন, 'বিজয় একাত্তর হলে দুষ্কৃতিকারীদের কোনো স্থান নেই।'

বিজ্ঞাপন

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission