পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল, যা জানালেন এনসিটিবি চেয়ারম্যান

আরটিভি নিউজ

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ০৮:০৪ পিএম


পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল, যা জানালেন এনসিটিবি চেয়ারম্যান
ফাইল ছবি

নবম ও দশম শ্রেণির ইংরেজি পাঠ্যবইয়ে কোটা সংস্কার আন্দোলনে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল দেওয়া হয়েছে।

জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ওই দুই শ্রেণির ইংরেজি বইয়ে ‘গ্রাফিতি’ শিরোনামে এক অধ্যায়ে বলা হয়, ২০২৪ সালের ১৭ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ শহীদ হন। তবে এই দুই শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ শিরোনামে যে অধ্যায় যুক্ত করা হয়েছে সেখানে সঠিক তারিখ অর্থাৎ ১৬ জুলাই লেখা হয়েছে।

এ বিষয়ে রাজধানীর একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘একটি ‘নির্মম ভুল’, আবু সাঈদ কবে শহীদ হন তা সবাই জানে। আমার মনে হয় পাঠ্যপুস্তক লেখকদের মধ্যে কোনো সমন্বয় নেই।’

আবু সাঈদের নিহত হওয়ার তারিখে ভুল থাকার বিষয়ে জানতে চাইলে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং দ্রুত বিভ্রান্তি সংশোধন করা হবে।’

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। গুলি লাগার মুহূর্তে রাজপথে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে মানুষ শেখ হাসিনার স্বৈরশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমে আসেন। এই আন্দোলনই রূপ নেয় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে।

আরটিভি/এসএপি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission