ঢাকা ছাড়া সব মহানগরে বিএনপির ‘কালো পতাকা মিছিল’ আজ

আরটিভি নিউজ

শনিবার, ২৬ আগস্ট ২০২৩ , ০৯:২৭ এএম


বিএনপির ‘কালো পতাকা মিছিল’
ফাইল ছবি

সরকার পতনের এক দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ শনিবার (২৬ আগস্ট) ঢাকা ছাড়া দেশের সব মহানগরে ‘কালো পতাকা মিছিল’ করবে বিএনপিসহ সমমনা জোটগুলো।

বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর সরকারের দমন-নিপীড়ন ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুই দিনের এই কর্মসূচি ঘোষণা করা হয়। এরই অংশ হিসেবে আজ ঢাকা ছাড়া দেশের সব মহানগরে যুগপৎভাবে কালো পতাকা নিয়ে মিছিল করবে তারা।

গত ১২ জুলাই সরকার হটানোর এক দফার আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, ঢাকার চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার গণমিছিল করেছে বিএনপিসহ বিরোধী দলগুলো।

এর আগে ১১ ও ১৮ আগস্ট গণমিছিল হয়। অর্থাৎ চলতি আগস্ট মাসের গত তিন শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো গণমিছিল করেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা গণমিছিলে অংশ নিয়েছেন। কিন্তু চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় গতকাল ঢাকার কর্মসূচিতে ছিলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এনডিএম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, গণঅধিকার পরিষদের দুই অংশ, এবি পার্টি, জনতার অধিকার পার্টি ও এনডিপি পৃথকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে।

বিএনপির দাবির মধ্যে রয়েছে- আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য ইসি পুনর্গঠন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ মামলা প্রত্যাহার এবং সব ‘মিথ্যা সাজা’ বাতিল।

উল্লেখ্য, একই দাবিতে গতকাল শুক্রবার রাজধানীতে কালো পতাকা মিছিল করেছিল বিরোধী জোট। কালো পতাকা হাতে গণমিছিল করে সরকারকে পদত্যাগের চূড়ান্ত বার্তা দিতে চাইছে তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission