নৌকায় পার হচ্ছে মাহির ট্রাক

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ জানুয়ারি ২০২৪ , ০২:১৬ পিএম


নৌকায় পার হচ্ছে মাহির ট্রাক
নৌকায় পার হচ্ছে মাহির ট্রাক

আর মাত্র কয়েকদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

রাজশাহীর গোদাগাড়ী-তানোর উপজেলার সব বাড়িতে বাড়িতে গিয়ে প্রতিদিন ভোটারদের কাছে ট্রাক মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ছুটে বেড়াচ্ছেন সবার দ্বারে দ্বারে।   

নির্বাচনে জয়ী হলে সব সময় সাধারণ মানুষের পাশে থাকার পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নের কথাও বলছেন মাহি। শুধু তাই নয়, জয় পেলে নির্বাচনী এলাকার নারীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন এই নায়িকা। 

মাহি তার নির্বাচনী প্রচারণায় ভোটাদের বাড়ি গেলে তাকে খুব সানন্দেই গ্রহণ করছেন সাধারণ মানুষ। তারা বলছেন চিত্রনায়িকার কথা শুনে অনেকেই তাকে ভোট দেবেন বলেও জানান। মুহূর্তেই এসব ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

সোমবার (১ জানুয়ারি) বছরের প্রথমদিনেও স্বামী রাকিব সরকারকে নিয়ে নির্বাচনী প্রচারণায় বেরিয়েছেন মাহি। আর সেই সময়ের দুটি ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে লিখেছেন, বছরের প্রথমদিন নৌকায় করে ট্রাক পার হয়ে যাচ্ছে।

ওই ছবিতে দেখা যাচ্ছে, নৌকায় চড়ে নদী পার হচ্ছেন মাহি। সঙ্গে রয়েছেন নায়িকার স্বামী রাকিব সরকার। মাহির হাতে রয়েছে, তার নির্বাচনের প্রতীক ‘ট্রাক’। 
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। কিন্তু দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে তিনি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা)। তার প্রতীক ট্রাক। আর নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি টানা ৩ বার ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হন।

রাজশাহী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১০ প্রার্থী। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরী ও স্বতন্ত্র মাহিয়া মাহি (শারমিন আক্তার নিপা) এ ছাড়াও রয়েছেন স্বতন্ত্র মো. গোলাম রাব্বানী (কাঁচি প্রতীক) এবং স্বতন্ত্র মো. আখতারুজ্জামান (ঈগল প্রতীক) জাতীয় পার্টির শামসুদ্দিন (লাঙ্গল প্রতীক), ন্যাশনাল পিপলস পার্টির নুরুন্নেসা (আম প্রতীক), তৃণমূল বিএনপির জামাল খান (সোনালী আঁশ প্রতীক), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি প্রতীক), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আল সামাদ (টেলিভিশন প্রতীক), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সামসুজ্জোহা বাবু (নোঙর প্রতীক)।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission