বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ মে ২০২৪ , ০৫:০৪ পিএম


বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

বিএনপি-জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (২৪ মে) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত ইসলামের জন্য মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে কখনও একটি শব্দও বলে না। তারা ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে। 

আওয়ামী লীগ ও সরকার সবসময়ই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সোচ্চার। তিনি ফিলিস্তিনের জন্য সাহায্য পাঠিয়েছেন। সবসময় ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন মানবতার শত্রুতে পরিণত হয়েছেন। তিনি এখন যুক্তরাষ্ট্রের কথাও শুনছেন না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠন জরুরি। বিশ্বের অধিকাংশ মানুষ এখন ফিলিস্তিনের পক্ষে। তবে জাতিসংঘে যখন এ ইস্যু তোলা হয়, তখন কোনো কোনো দেশ ভেটো দেয়।

এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চিফ প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে দাবি জানিয়েছেন, তা আমরা সমর্থন করি বলেও জানান হাছান মাহমুদ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission