‘বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না’ 

আরটিভি নিউজ

শনিবার, ০৫ জুলাই ২০২৫ , ০৮:৫৪ পিএম


‘বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না’ 
ছবি: সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনোভাবেই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না। 

শনিবার (৫ জুলাই) গুলশানে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসা মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

আল্লাহতায়ালা মানুষকে নারী ও পুরুষ দুই স্বতন্ত্র পরিচয়ে সৃষ্টি করেছেন মন্তব্য করে আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বলেন, ইসলাম একমাত্র বৈধ ও স্বীকৃত বিবাহের পদ্ধতি নির্ধারণ করেছে পুরুষ ও নারীর মধ্যে। নারীর সঙ্গে নারীর, কিংবা পুরুষের সঙ্গে পুরুষের তথাকথিত সমকামিতা ইসলাম এবং প্রকৃতি উভয়ের পরিপন্থি। এসব বিকৃত পশ্চিমা ধারণা সমাজে অবাধ যৌনাচার, পারিবারিক অবক্ষয় ও নৈতিক ধ্বংস ডেকে আনে।

বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা মানবাধিকারের নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে জানিয়ে তিনি আরও বলেন, এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থি। তাই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় খুলতে দেওয়া হবে না।
 
অনুষ্ঠানে মাওলানা মামুনুল হক উচ্চকণ্ঠে বলেন, বাংলাদেশের ইমানদার তৌহিদি জনতা দেশের স্বাধীনতা, ইসলামি মূল্যবোধ ও সামাজিক নৈতিকতার বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত রয়েছে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে নামতে আমরা বাধ্য হব।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব মাওলানা শায়খ সাজিদুর রহমান, নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ পীরসাহেব মধুপুর, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী প্রমুখ।

আরটিভি/টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission