ক্ষমতায় গেলে ৩ কাজ করার প্রতিজ্ঞা জামায়াত আমিরের

আরটিভি নিউজ

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:৪১ পিএম


ক্ষমতায় গেলে ৩ কাজ করার প্রতিজ্ঞা জামায়াত আমিরের
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিনটি প্রধান কাজ করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় এক মিনিটের জন্য দাঁড়াতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা, সেটা তার হাতে তুলে দেওয়া হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

‘আমাদের প্রধান কমিটমেন্ট (অঙ্গীকার) তিনটি’ উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, ‘প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আমরা রাখব না। আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াব কীভাবে, বসব কীভাবে, মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায় সেই শিক্ষা আমরা দেবো না।’

তিনি বলেন, ‘যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেব।’

নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটানো হবে জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘শিক্ষার্থীরা যাতে শিক্ষাজীবন শেষ করে সংশ্লিষ্ট কাজ পেতে পারে এবং কেউ বেকার না থাকে। কেউ কাজের বাইরে থাকবে না। হয় সে উদ্যোক্তা, নয়তো চাকরিজীবী হবে।’

দ্বিতীয় কমিটমেন্টের কথা উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, ‘শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা নির্ধারণ হবে না। কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে।’

তৃতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতির জোয়ার কেটে দেব। এ কথা শুনে অনেকের বুকে ধড়ফড় শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেনই এগুলো দিয়ে। যে সার্ভিসের গুরুত্ব ও দায়িত্ব যত বেশি, সেই সার্ভিসের বেতন কাঠামোও ততটা করতে হবে।’

সাংবাদিকদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারব।’

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত বার্ষিক অধিবেশন-২০২৫ এ প্রধান অতিথি ছিলেন জামায়াত আমির।

এফডিইবির ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- এফডিইবির কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission