ইনশাল্লাহ রোববার খালেদা জিয়ার জামিন হবে: মওদুদ

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ , ০৪:৩১ পিএম


ইনশাল্লাহ রোববার খালেদা জিয়ার জামিন হবে: মওদুদ

আমাদের জুডিশিয়ারিতে ন্যায়বিচারের যে কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী আমি বিশ্বাস করি, ইনশাল্লাহ আগামী রোববারই বেগম খালেদা জিয়া জামিন মঞ্জুর হবে। আমি মনে করি, একদিনের বিলম্ব আমাদের প্লাস পয়েন্ট, একদিন বিলম্ব আওয়ামী লীগের মাইনাস পয়েন্ট। বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শুক্রবার সকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী জেলখানা থেকে বের হওয়ার পর আমরাও তাকে নিয়ে প্রচারে যাব। এবার কোনো আপত্তি আমরা শুনবো না। আওয়ামী লীগ যদি সভা করে নৌকায় ভোট চাইতে পারে তাহলে বিএনপিও জনসভা করে ধানের শীষে ভোট চাইতে পারে।

মওদুদ বলেন, আমি বেগম খালেদা জিয়ার দূরদর্শিতার প্রশংসা করি। তিনি কারাগারে যাবার সময় বলে গেছেন, শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন করতে হবে। কোনো ধরনের হঠকারিতা চলবে না। খালেদা জিয়ার দূরদর্শী নির্দেশনায় আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার খুশি নয়। সরকার চেয়েছে আমাদের বিক্ষুব্ধ নেতাকর্মীদের উসকানি দেবে। আর তারা সে সুযোগে পেট্রোলপাম্প জ্বালাবে, অগ্নিসংযোগ করবে। আর তার দায় আমাদের উপর চাপাবে।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের পতন ঘটিয়ে আমরা দেখিয়ে দেবো। নির্বাচনের মাঠে নামলে পরিবেশ পাল্টে যাবে। বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। এখন পারবে কীভাবে? এখনতো যুদ্ধের সময়, ঐক্যবদ্ধ থাকার সময়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করে মওদুদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাখা হয়েছে বিরোধীদলকে দমন করার জন্য। তাদের একটাই কাজ। তারা হত্যা, ধর্ষণসহ সমাজে ঘটে যাওয়া নানা অপরাধ দমনে কোনো কাজ করছে না। তাদের এটাই শেখানো হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির বেপারী। এসময় বিএনপির ভাইস-চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, ইসলামী ঐক্যজোটের মাওলানা শওকত আমীন ও এনডিপির মঞ্জুর হোসেন ঈসাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission