‘উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া’

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০২:৩৬ পিএম


‘উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া’
খালেদা জিয়া। ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের ১৪ সদস্যদের একটি প্রতিনিধিদলসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে যাবেন বলে জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন

এনামুল হক চৌধুরী বলেন, খালেদা জিয়া গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য আগামীকাল শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের ১৪ সদস্যদের একটি প্রতিনিধিদলসহ বিএনপি চেয়ারপারসন লন্ডনে যাবেন।

বিএনপির দলীয় আরেক সূত্রে জানা গেছে, সব ঠিকঠাক থাকলে কাতারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই বেগম খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারে বিশেষজ্ঞ চিকিৎসক দল। সেই দলে চিকিৎসকসহ মোট ১৪ জন সদস্য থাকবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে সংকটাপন্ন খালেদা জিয়ার চিকিৎসায় দেশি চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছেন যুক্তরাজ্য এবং চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান। 

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।

এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপাসনকে। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।

গত মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমের কাছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন। সেখানে তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে। কোনো রকম গুজবে কান না দিয়ে দেশবাসীকে সংযম প্রদর্শন করতে হবে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission