রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের একটি ভিডিওকে ভিত্তিহীন ও ভুয়া বলে প্রমাণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’। রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরকে কেন্দ্র করে এই পুরোনো ভিডিওটি অনলাইনে নতুন করে ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে বলে তারা নিশ্চিত করেছে।
বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দাবি করা হচ্ছিল, এটি ভারত সফরে থাকা পুতিনের সঙ্গে সেখানে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের দৃশ্য।
তবে যাচাইয়ে নিশ্চিত হওয়া গেছে যে এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ভিডিওটি পুরোনো। বাংলাফ্যাক্ট জানিয়েছে, এটি আসলে ২০১৩ সালের ১৫ জানুয়ারি রাশিয়ার মস্কোতে শেখ হাসিনা ও ভ্লাদিমির পুতিনের বৈঠকের দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো উল্লেখ করেছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। তারা ইতোমধ্যে বাংলাদেশে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে।
আরটিভি/এআর




